
ভোলা প্রতিনিধি।
ভোলার স্কাউটিংয়ের ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করেছেন এ কে এম আব্দুল্লাহ। জেলার ইতিহাসে প্রথমবারের মতো ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তিনি। একই সঙ্গে বোরহানউদ্দিন উপজেলা থেকেও প্রথম স্কাউট হিসেবে এই জাতীয় স্বীকৃতি পেলেন আব্দুল্লাহ।
বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ২০২৫ সালের জাতীয় পর্যায়ের এই সর্বোচ্চ স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত ফলাফল গত ১ অক্টোবর প্রকাশ করা হয়। উপজেলা, জেলা ও অঞ্চল পর্যায়ের যাচাই-বাছাই শেষে জাতীয় পর্যায়ের কঠোর মূল্যায়নে উত্তীর্ণ হয়ে এ স্বীকৃতি পান তিনি।
আব্দুল্লাহ ভোলার আবদুর রব স্কুল অ্যান্ড কলেজের স্কাউট হিসেবে এ মূল্যায়নে অংশ নেন। স্কাউটিংয়ে তার ধারাবাহিক কর্মকাণ্ড, নেতৃত্ব ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে এই অর্জনকে দেখা হচ্ছে।
এর আগে ২০২৩ সালে গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত জাতীয় জাম্বুরিতে অংশ নিয়ে ‘গৌরব পতাকা’ অর্জন করেন আব্দুল্লাহ। জাতীয় দিবসসহ বিভিন্ন কর্মসূচিতে জেলা স্কাউটের পক্ষ থেকে স্কাউটদের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
আব্দুল্লাহর স্কাউটিংয়ে এগিয়ে যাওয়ার পেছনে পারিবারিক অনুপ্রেরণাও রয়েছে। তাঁর বাবা মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে স্কাউটিং আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি বরিশাল অঞ্চলে ভোলার প্রথম ডিআরসি (অঞ্চল উপ-কমিশনার) হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভোলার স্কাউট সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আব্দুল্লাহর এই অর্জন জেলার স্কাউটদের জন্য নতুন অনুপ্রেরণা তৈরি করবে। পাশাপাশি তরুণদের স্কাউটিং কার্যক্রমে সম্পৃক্ত করতে এ সাফল্য ইতিবাচক ভূমিকা রাখবে।
ভোলার স্কাউটিং অঙ্গনে প্রথমবারের মতো প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে আব্দুল্লাহ শুধু ব্যক্তিগত সাফল্যই অর্জন করেননি, জেলার স্কাউটিং ইতিহাসেও যুক্ত করেছেন একটি নতুন অধ্যায়।