
চাঁদার দাবি পূরণে অপারগতা প্রকাশ করায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের মাগুরা জেলা আহ্বায়ক ও অমরেশ বসু ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী মোর্শেদ আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, গত ৩০ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে কলেজের প্রধান ফটক থেকে প্রায় ২০০ ফুট দূরে মাগুরা-মহম্মদপুর সড়কে তাঁর ওপর হামলা চালানো হয়। হামলায় মিশু, রিপন, মোস্তাক, বাপ্পি ও গফফারসহ ১২ থেকে ১৩ জন অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁদের কয়েকজন স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলেও দাবি করা হয়েছে।
অধ্যক্ষের অভিযোগ, অভিযুক্তরা বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এর মধ্যে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য ২০ হাজার টাকা, রোজার ঈদ উপলক্ষে ২০টি পাঞ্জাবি, ১৪ সেপ্টেম্বর ২০২৫-এর পিকনিকের জন্য ২০ হাজার টাকা এবং ২০২৫ সালের ডিসেম্বরে ক্রিকেট খেলার জন্য ১৫ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলার আশঙ্কায় অধ্যক্ষ পিকনিকের জন্য দাবি করা ২০ হাজার টাকা দিতে বাধ্য হন। তবে অন্যান্য দাবির টাকা ও সামগ্রী দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। এর জের ধরেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনায় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এমপিওভুক্ত সংগঠন। সংগঠনগুলো হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।