ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এক শিশু কন্যাকে দত্তক নিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
কয়েক দিন আগে উপজেলার হাওলাদার মার্কেট এলাকায় আনুমানিক দুই মাস বয়সী ওই শিশু কন্যাকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে শিশুটির দেখভালের ব্যবস্থা করা হয়।
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে নিজের সন্তান হিসেবে দত্তক গ্রহণ করেন ওসি মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, সমাজে অনেক শিশু অবহেলা ও পরিচয় সংকটে বেড়ে ওঠে। সেখানে একজন পুলিশ কর্মকর্তা হিসেবে ওসি মনিরুজ্জামানের এ উদ্যোগ মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
স্থানীয় বাসিন্দারাও তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
দত্তক নেওয়ার পর শিশুটির সার্বিক দায়িত্ব নেওয়ার কথা জানান ওসি মনিরুজ্জামান। তিনি বলেন, ‘শিশুটিকে সুস্থ ও সুন্দরভাবে বড় করে তোলার চেষ্টা করব। সবাই তার জন্য দোয়া করবেন।’
শিশুটির নতুন জীবনের জন্য স্থানীয়রা শুভকামনা জানিয়েছেন।