অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি: মোঃ শাকিল হোসেন
লক্ষ্মীপুর সদর উপজেলার ১১নং চররমনী মোহন ইউনিয়নের ৬নং ওয়ার্ডে স্থানীয় অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন সম্ভাব্য মেম্বার প্রার্থী আলী আজগর মুন্না। তাঁর ব্যক্তিগত উদ্যোগে এলাকার গরিব, দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় আলী আজগর মুন্নার নিজ বাড়িতে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে এলাকার অসহায় পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন প্রয়োজনীয় শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী গ্রহণ করতে আসা অনেকেই এ উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, এমন মানবিক সহযোগিতা তাদের কঠিন সময়ে অনেক উপকারে আসে। তারা আলী আজগর মুন্নার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলী আজগর মুন্না বলেন, “মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে। ভবিষ্যতেও ইনশাআল্লাহ এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, যুবসমাজ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিরা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।
এলাকাবাসীর আশা, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে এলাকার অসহায় মানুষের পাশে থাকবেন আলী আজগর মুন্না।