
ভোলা প্রতিনিধি: ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে মেঘনা নদীর তীরে জিওব্যাগ ধসে নদীতে পড়ে নিখোঁজ হওয়া দুই বন্ধুর সন্ধান এখনও মেলেনি।
নিখোঁজরা হলেন বিজিবি সদস্য আমজাদ হোসেন (২৭) ও তাঁর বন্ধু রাকিব আহমেদ (২২)। তাদের সন্ধানে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের গরিবের দুবাই বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় পাঁচ বন্ধু মেঘনা নদীর তীরে জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ জিওব্যাগসহ নদীর তীরের একটি অংশ ধসে পড়লে পাঁচজনই নদীতে পড়ে যান। এ সময় ফাহিম (২২), আব্দুল্লাহ (২৫) ও সাগর (২৫) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব নদীতে তলিয়ে নিখোঁজ হন।
নিখোঁজ আমজাদ ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিম মিয়ার ছেলে। আর রাকিব শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের ছেলে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুই যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে দুই বন্ধুর নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্বজন ও স্থানীয়দের ভিড় জমে যায়। প্রিয়জনদের সন্ধানে নদীর তীরে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র জানান, তিনি ঘটনাটি শুনেছেন। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নিখোঁজ দুই বন্ধুর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।