নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে হত্যা, চুরি, বৈষম্যবিরোধী মামলা, পুলিশ আইনের ৩৪ ধারাসহ সিআর ও জিআর ওয়ারেন্টের ভিত্তিতে আরও আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। সবমিলিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।