মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে বোরহানউদ্দিন থানায় ‘সুধী সমাবেশ’ অনুষ্ঠিত
আজ বোরহানউদ্দিন থানা প্রাঙ্গণে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া, সাইবার ক্রাইম ও মোবাইল ফোনের অপব্যবহার রোধে 'সুধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে পুলিশের এই মহতী উদ্যোগে শামিল হন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা।
আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।
বক্তব্যের শুরুতেই পুলিশ সুপার মহোদয় মাদক ও সামাজিক অপরাধকে 'সামাজিক ব্যাধি' হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন— "আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হলে কেবল মামলা দিয়ে নয়, বরং সামাজিক সচেতনতা ও সদিচ্ছা দিয়ে এই ব্যাধি নির্মূল করতে হবে।"
বক্তব্যে তিনি মাদকাসক্তির ভয়াবহতা বোঝাতে ২০১৩ সালের আলোচিত ‘ঐশী’ হত্যাকাণ্ড এবং সম্প্রতি কুমিল্লার লালমাইয়ে মাদকাসক্ত ছেলের হাতে বাবার আক্রান্ত হওয়ার মর্মান্তিক উদাহরণগুলো তুলে ধরেন।
তিনি স্পষ্টভাবে জানান যে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। পুলিশের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সদিচ্ছা, একতা (Integrity) এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুস্থ সমাজ গঠন সম্ভব।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জনাব সত্যজিৎ কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।