মনপুরায় নদীর পাড়ে হাত-পা-মুখ বাঁধা যুবক উদ্ধার

0
FB_IMG_1789126318526


ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মো. শান্ত (২৫) নামে এক যুবককে নদীর পাড় থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারসংলগ্ন পূর্ব নদীর পাড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শান্ত ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. শাহাবুদ্দিনের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে কয়েকজন নৌকায় করে নদীর পাড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা নদীর পাড় থেকে গোঙানির মতো শব্দ শুনতে পান। পরে নৌকা থেকে আলো ফেললে নদীর পাড়ে একজনকে পড়ে থাকতে দেখেন তারা।
উদ্ধারকারী মো. লিটন মাঝি বলেন, “আমরা নৌকা নিয়ে নদীর পাড়ের দিকে যাচ্ছিলাম। তখন নদীর পাড় থেকে গোঙানির শব্দ শুনতে পাই। পরে লাইট মেরে দেখি একজন লোক পড়ে আছে। কাছে গিয়ে দেখি, তার হাত-পা ও মুখ বাঁধা এবং দুই হাত একটি খুঁটির সঙ্গে বাঁধা। পরে ওপর থেকে লোকজন ডেকে এনে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।”
স্থানীয়রা জানান, উদ্ধারের পর শান্তকে দ্রুত মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে জানা গেছে।
তবে শান্ত কীভাবে নদীর পাড়ে গেলেন, কারা তাকে সেখানে নিয়ে গিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখেছিল এবং এর পেছনে কারণ কী—এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তার জ্ঞান ফেরার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *