ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ভুয়া ডিও লেটার: দৌলতখানের সাবেক এসি ল্যান্ড শাওন মজুমদার প্রত্যাহার

0
Screenshot_2026-07-30-19-18-32-51


জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে ভুয়া ডিও লেটার তৈরি করে সুবিধা আদায়ের চেষ্টার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে কর্মরত এসি (ল্যান্ড) শাওন মজুমদার সুমনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত (সংযুক্ত) করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অভিযোগ অনুযায়ী, শাওন মজুমদার সুমনের বদলির আদেশ বাতিল এবং তাকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার এসি (ল্যান্ড) হিসেবে পদায়নের প্রস্তাব দেখিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে একটি ভুয়া ডিও লেটার তৈরি করা হয়। ওই চিঠিতে ডেপুটি স্পিকারের জাল স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানায়, আলোচিত ডিও লেটারটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি এবং এটি সম্পূর্ণ জাল। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম, লোগো ও স্বাক্ষর জালিয়াতির ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয় আরও জানায়, ভবিষ্যতে সংসদের নামে কোনো ডিও লেটার পাওয়া গেলে তার সত্যতা যাচাই করে গ্রহণ করার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর এবং গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, শাওন মজুমদার সুমন রাঙ্গাবালী উপজেলায় যোগদানের আগে ভোলা জেলার দৌলতখান উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *