দৌলতখানে বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
ভোলার দৌলতখানের খায়েরহাট মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক চমৎকার ও সৌহার্দ্যপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২ আগস্ট ২০২৬ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত এ ম্যাচটি পরিণত হয় একাল-সেকালের শিক্ষার্থীদের মিলনমেলায়।
ম্যাচে মুখোমুখি হয় খায়েরহাট মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান ২০২৬ ব্যাচের শিক্ষার্থী এবং প্রাক্তন ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা। তবে মাঠের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পুরো আয়োজনজুড়ে ছিল বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও ভালোবাসার আবহ।
আয়োজকদের ভাষায়, ‘আজকের ম্যাচ জয়-পরাজয়ের নয়, স্মৃতি আর সম্পর্কের।’ সেই ভাবনাই যেন প্রতিফলিত হয়েছে পুরো খেলায়। ম্যাচকে ঘিরে বিদ্যালয় মাঠে বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলার একপর্যায়ে পুরোনো বন্ধুরা দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের চেনা মাঠে একত্রিত হয়ে ফিরে যান তাঁদের সোনালি দিনের স্মৃতিতে। বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে প্রাক্তনদের এই মিলন নতুন প্রজন্মের সঙ্গে পুরোনো প্রজন্মের সম্পর্ককেও আরও দৃঢ় করেছে।
খেলাটি উদ্বোধন করেন খায়েরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান। ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেন প্রাক্তন শিক্ষার্থী মো ইমন খান। সহকারী শিক্ষক আসাদ উল্যাহ স্যার এসএসসি ২০২২ ব্যাচের অধিনায়ক ছিলেন এবং বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সোহেল স্যার বর্তমান শিক্ষার্থীদের অধিনায়ক। টাইব্রেকারে বর্তমান স্কুল দল ৫/৪ গোলে জয় লাভ করে।
শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এই আয়োজন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও স্মৃতির এক সুন্দর সেতুবন্ধন তৈরি করেছে। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা অংশগ্রহণকারী ও উপস্থিত সবার।