রাজবাড়ীতে ট্রেনলাইনে দুর্ঘটনায় দৌলতখানের তরুণীর মৃত্যু, পরিবারের সন্ধান চলছে
দৌলতখান প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ট্রেনলাইনে দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহত তরুণীর বাড়ি ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর তরুণীর সঙ্গে থাকা কাগজপত্রের মধ্যে একটি কাবিননামা পাওয়া যায়। ওই কাবিননামা থেকে তার নাম মুমু এবং বাবার নাম আব্দুল হাই ও মায়ের নাম আমেনা বেগম বলে জানা গেছে। তার বাড়ি দৌলতখান উপজেলার ভবানীপুর এলাকায় বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।
বর্তমানে তরুণীর মরদেহ পাংশা হাসপাতালে রয়েছে। তবে তার পরিবারের সদস্যদের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর দৌলতখান, ভবানীপুর ও আশপাশের এলাকার বাসিন্দাদের কাছে নিহত তরুণী বা তার পরিবারের পরিচয় জানা থাকলে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
পাংশা এলাকার সালাউদ্দিন বলেন, পরিবারের কাছে দ্রুত খবর পৌঁছে দেওয়াই এখন সবচেয়ে জরুরি।
কেউ নিহত তরুণী বা তার পরিবারের সদস্যদের চিনে থাকলে সালাউদ্দিন (পাংশা, রাজবাড়ী)—০১৭২১-৩৭৩৬৯৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।