জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ভোলার সাহিদা সুমনা
ভোলা প্রতিনিধি
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়ে ভোলার মুখ উজ্জ্বল করেছেন ভোলা সদর উপজেলার ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ সাহিদা আক্তার সুমনা। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত গুণী শিক্ষক নির্বাচন প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে দেশের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন তিনি।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন শিক্ষা স্তরের ১০২ জন গুণী শিক্ষকের হাতে জাতীয় সম্মাননা তুলে দেন। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দেওয়া হয় ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ।
সরকারের এই জাতীয় সম্মাননায় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও অন্যান্য বিশেষায়িত উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষকরা স্থান পেয়েছেন। এ বছর জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার পরিধিও আগের তুলনায় ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।
জেলা থেকে বিভাগ, এরপর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব
সাহিদা আক্তার সুমনা এর আগে ২০২৫ সালেও ভোলা জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হন। ২০১৭ সালে তিনি ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে সরকারি ব্যবস্থাপনায় চীন সফরের সুযোগ পান। ২০২৬ সালের গুণী শিক্ষক নির্বাচন প্রতিযোগিতায় জেলা পর্যায়ের সাফল্যের পর তিনি বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত হন। এরপর ২৪ সেপ্টেম্বর ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
তাঁর নেতৃত্বে ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৮, ২০২২ ও ২০২৬ সালে ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। বিদ্যালয়টির শিক্ষার মান, পরিবেশ ও সার্বিক কার্যক্রমের উন্নয়নেও তাঁর ভূমিকার কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতায়ও অবদান
শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা ও গণমাধ্যম প্রশিক্ষণের সঙ্গেও যুক্ত ছিলেন সাহিদা সুমনা। ২০০০ সালে নারী সাংবাদিক হিসেবে ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) আয়োজিত ‘প্রাকৃতজন’ পুরস্কার লাভ করেন তিনি। পরে এমএমসির প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বরিশাল ও খুলনা বিভাগের সাংবাদিকদের প্রশিক্ষণ দেন।
সাহিদা সুমনা বরিশাল ব্রজমোহন কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি বিএড ও সি-ইন-এড ডিগ্রিও রয়েছে তাঁর। শিক্ষকতায় যোগ দেওয়ার আগে তিনি গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় সাহিদা সুমনা বলেন, তাঁর এ অর্জন একার নয়; বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি জেলা, উপজেলা ও শিক্ষা প্রশাসনের সার্বিক সহযোগিতার ফল এই সাফল্য।
সাহিদা আক্তার সুমনা ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী। তাঁর এই অর্জনে ভোলার শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
ভোলার একজন শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এটি শুধু সাহিদা সুমনার ব্যক্তিগত সাফল্য নয়—ভোলার শিক্ষা অঙ্গনের জন্যও এটি একটি বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।গ