দৌলতখানে আর্থিক সহায়তা বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

0
FB_IMG_1785163143080


ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে আর্থিক অনুদান বিতরণ, বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা প্রদান এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও পৌর বিএনপি, দৌলতখানের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল মন্নান মিয়া, সভাপতি, উপজেলা বিএনপি, দৌলতখান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা মডেল মসজিদের ইমাম পবিত্র কুরআন তেলাওয়াত করেন এবং অসীত রঞ্জন দাস পবিত্র গীতা পাঠ করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। দ্বিতীয় পর্বে বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। তৃতীয় পর্বে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও সুশিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *