পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

0
InShot_20260822_174735628


ভোলা প্রতিনিধি:
বিএনপি জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তিনি স্থান পাওয়ায় ভোলায় বিজেপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পার্থের শপথ নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার সন্ধ্যার পর ভোলা শহরের নতুন বাজারস্থ বিজেপি কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাংলাস্কুল মোড়, সদর রোড ও চকবাজার প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় মিছিলকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
বিজেপির ভোলা জেলা সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ বলেন, “পার্থ মন্ত্রী হওয়ায় আমরা ভোলাবাসী অত্যন্ত উচ্ছ্বসিত ও আনন্দিত। ভোলার স্থানীয় সমস্যা সমাধানে একজন মন্ত্রীর খুব প্রয়োজন ছিল। আশা করি, তিনি আগামী দিনে নদীভাঙন রোধ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপনসহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।”

ভোলা জেলা বিএনপির সদস্যসচিব মো. রাইসুল আলম নতুন মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দ্বীপজেলা ভোলায় যেসব উন্নয়ন কার্যক্রম চলছে, আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় সেসব কাজে আরও গতি আসবে। শরিক দল হিসেবে বিএনপি ও বিজেপি ঐক্যবদ্ধভাবে নদীভাঙন রোধসহ ভোলার সার্বিক উন্নয়নে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

স্থানীয় বিএনপি ও বিজেপির নেতাকর্মীরা মনে করছেন, আন্দালিব রহমান পার্থ মন্ত্রিসভায় যুক্ত হওয়ায় জাতীয় পর্যায়ে ভোলার বিভিন্ন উন্নয়ন দাবি আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে নদীভাঙন রোধ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, স্বাস্থ্য ও শিক্ষা অবকাঠামোর উন্নয়ন এবং দ্বীপজেলার যোগাযোগব্যবস্থার উন্নয়নে তার ভূমিকার প্রত্যাশা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *