লোহাগড়ায় মৃত গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

0
FB_IMG_1788278747173


নড়াইলের লোহাগড়ায় পুলিশ হেফাজতে থাকা এক গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক ও বিকৃত আচরণের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে এক অ্যাম্বুলেন্সচালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট সকালে লোহাগড়া ইউনিয়নের ছাগলছেঁড়া গ্রামের গৃহবধূ সাদিয়া আক্তার লামিয়া পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থাকা একটি অ্যাম্বুলেন্সে রাখে।
অভিযোগ রয়েছে, ওই দিন গভীর রাতে অ্যাম্বুলেন্সের জানালাগুলো গামছা দিয়ে ঢেকে দেন চালক সাগর শেখ। পরে তিনি অ্যাম্বুলেন্সের ভেতরে একা থাকা অবস্থায় মরদেহের কাপড় সরিয়ে অনৈতিক আচরণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
এ সময় মৃত গৃহবধূর মা অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে বিষয়টি দেখতে পান এবং চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা চালককে আটক করে মারধর করেন বলে জানা গেছে।
খবর পেয়ে ৩০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়া থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সাগর শেখকে নিজেদের হেফাজতে নেয়।
সাগর শেখ লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার বাসিন্দা।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ হেফাজতে থাকা মরদেহের অবমাননা ও অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে ওই অ্যাম্বুলেন্সচালককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মরদেহের প্রতি সম্মানজনক আচরণ এবং এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *