চরফ্যাশনে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন এলাকার মো. হোসেনের ছেলে মো. হাছনাইন (২৬) এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আহমদউল্লাহর ছেলে মো. হাফেজ (৪০)।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২টা ৩৫ মিনিটে চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মোস্তাফিজের বাড়ির সামনে পাকা সড়কের ওপর অভিযান চালায় পুলিশের একটি দল। চরফ্যাশন থানার এসআই মো. সোহেল কামালের নেতৃত্বে এএসআই মো. রাশেদ খান, এএসআই মো. আব্দুল মালেক ও এএসআই মো. আলী হোসেনসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
এ সময় দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে হালকা কমলা রঙের ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
চরফ্যাশন থানার পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চরফ্যাশন থানায় রুজু করা হয়। মামলার নম্বর-০১ এবং জিআর নম্বর-১৬৬/২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।