দুই অধ্যক্ষের বিরোধে উত্তপ্ত মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ

0
FB_IMG_1791049687149


নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে অধ্যক্ষের পদ নিয়ে সৃষ্ট জটিলতা এবার উত্তপ্ত পরিস্থিতির দিকে গড়িয়েছে। প্রশাসনিক অচলাবস্থা ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা নিরসনে আয়োজিত আলোচনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুস সালামের সঙ্গে এক ছাত্রদল নেতার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
আলোচনায় শিক্ষার্থীদের সতর্ক করে আব্দুস সালাম ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। তিনি প্রশাসনিক জটিলতার সুযোগ নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বা শিক্ষার পরিবেশ ব্যাহত না করার আহ্বান জানান।
এর আগে গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত লে. কর্নেল শহিদুল হাসান এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়া অধ্যাপক সুফিয়া আক্তারকে ঘিরে কলেজে দ্বৈত নেতৃত্বের পরিস্থিতি তৈরি হয়। ২০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক সুফিয়া আক্তারকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করে। অন্যদিকে গভর্নিং বডির নিয়োগে শহিদুল হাসান দায়িত্ব পালন করছিলেন।
এ নিয়ে গত ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং শহিদুল হাসানকে অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে। দুই অধ্যক্ষের বিরোধে প্রশাসনিক কার্যক্রম ও একাডেমিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, গভর্নিং বডির নিয়োগ এবং পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের পদায়নের মধ্যে সৃষ্ট জটিলতার প্রশাসনিক সমাধান না হওয়া পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *