দৌলতখানে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান পৌরসভায় পুকুরের পানিতে ডুবে মো. হাবিব নামে দুই থেকে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হাবিব ওই এলাকার মো. বিল্লাল ও মিতু দম্পতির সন্তান।
স্থানীয় সূত্র ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল হাবিব। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।