হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

0
FB_IMG_1776409874681

মোঃ মাহবুব হোসেন মেজর দিনাজপুর প্রতিবেদক
দিনাজপুরের হিলিতে অপহরণের ১১ দিন পার হলেও নিখোঁজ মেহের আলীকে উদ্ধার করতে না পারায় ক্ষোভে ফেটে পড়েছেন তার পরিবার ও স্থানীয়রা। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর দেড়টা থেকে হিলি-জয়পুরহাট সড়কের মহিলা কলেজের সামনে মানববন্ধন শুরু করেন এলাকাবাসী। পরে তা সড়ক অবরোধে রূপ নেয়। এতে দিনাজপুর-বগুড়া মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধকারীরা অভিযোগ করেন, গত ৩১ মার্চ মেহের আলীকে তার সাত বছর আগে বিচ্ছিন্ন হওয়া স্ত্রী ও তার ছেলে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয় বলে তারা জানতে পারেন।

এ ঘটনায় মেহের আলীর বর্তমান স্ত্রী প্রথমে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পরবর্তীতে অপহরণের অভিযোগ দায়ের করেন। কিন্তু দীর্ঘ ১১ দিন পেরিয়ে গেলেও এখনো তাকে উদ্ধার কিংবা অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এলাকাবাসীর আশঙ্কা, মেহের আলীর সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। তারা বলেন, “আমরা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি। দ্রুত মেহের আলীকে উদ্ধার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান, মেহের আলীকে তার স্ত্রী একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে এবং তাকে উদ্ধারে কাজ চলছে।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

বার্তা প্রেরকঃ
মোঃ মাহবুব হোসেন মেজর
প্রতিনিধি
হাকিমপুর,দিনাজপুর।
মোবাঃ ০১৭১৬-৫৭১৪৮৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *